বার্তা সংস্থা আবনা : সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রচণ্ড সংঘর্ষে প্রায় ২০০ বিদেশি মদদপুষ্ট বিদ্রোহী নিহত হয়েছে। ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভি এ খবর দিয়েছে।
গত কয়েক দিনের সংঘর্ষে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও সিরিয়ার নিরাপত্তা বাহিনী জানিয়েছে।
সিরিয়ায় গত বছরের মার্চ মাস থেকে শুরু হওয়া সহিংসতায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ শত শত বেসামরিক নাগরিক নিহত হয়েছে। গতকাল দামেস্কের রুকনুদ্দিন এলাকায় একটি মসজিদের কাছে সন্ত্রাসীদের পেতে রাখা বোমার বিস্ফোরণে অন্তত পাঁচ সেনা নিহত হয়।
সম্প্রতি, বিদ্রোহীরা সিরিয়ার বিমানবন্দরগুলোতে হামলার চালানোরও হুমকি দিয়েছে।
এদিকে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সিরিয়ার ব্যাপারে জেনেভা ইশতিহার অনুমোদন করবে বলে তিনি আশাবাদী। আরো বিশ দিন পর সিরিয়া সংকট নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে।
জেনেভা ইশতিহারে সিরিয়ায় একটি অন্তর্বর্তী সরকার গঠনের আভাস দেয়া হয়েছে। গত ৩০ জুন সুইজারল্যান্ডের জেনেভা শহরে আমেরিকা, চীন ও রাশিয়ার উপস্থিতিতে বিশ্বের বেশ কয়েকটি দেশ ওই ইশতিহার ঘোষণা করেছিল।#
(সূত্র : রেডিও তেহরান)